
এই প্রথম লন্ডনে পাড়ি জমাচ্ছে মুর্শিদাবাদের লিচু
বাংলার আম বিশ্বজয় করেছিল আগেই, এবার লিচুর পালা। মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের হাজামপাড়া থেকে ৫ টন লিচু পাড়ি জমাচ্ছে লন্ডনে। এর আগে দুবাইতে গেলেও এই প্রথম বিলেতে পাঠানো হচ্ছে মুর্শিদাবাদের লিচু। স্থানীয় বাজারে যেখানে লিচুপ্রতি ১ টাকা দর মিলছে, সেখানে ২ টাকা ২০ পয়সা দরে লিচু পাঠানো হচ্ছে লন্ডনে। ফলে, মুনাফাও থাকছে ভালোই।
গতবছর ১৫ হাজার মেট্রিক টন লিচুর উৎপাদন হয়েছিল মুর্শিদাবাদে। এবারেও ফলন ভালো। লিচুর উৎপাদন ১৮ হাজার মেট্রিক টন ছুঁয়ে ফেলতে পারে বলে ধারণা মুর্শিদাবাদের উদ্যান-পালন উপ-অধিকর্তার। এই জেলার বোম্বাই জাতের লিচুর খ্যাতি সবচাইতে বেশি। সেই লিচুই এবারে পাড়ি দিচ্ছে লন্ডনে। বিলেতে সাড়া ফেলতে পারলে পরেরবার থেকে আরো বেশি রপ্তানির বরাত মিলবে। মুনাফাও বাড়বে। আশায় রয়েছেন লিচু-চাষিরা।
