ভিন রাজ্যে থাকা শ্রমিকদের চিঠি পাঠালেন জেলাশাসক

ঘরে ফিরে ভোট দেওয়ার আহ্বান

বহু মানুষই জীবিকার তাড়নায় শ্রমিকের কাজ করতে পাড়ি দেন ভিন রাজ্যে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকেই প্রায় ১ লক্ষ ১২ হাজার লোক কেরল, মুম্বাই, দিল্লির মতো জায়গায় কাজ করছেন। এবারের সাধারণ নির্বাচনে মুর্শিদাবাদের এই সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর আবেদন জানাতে অভিনব উদ্যোগ নিলেন জেলাশাসক পি উলাগানাথন।  

আসন্ন নির্বাচনের দিন ঘরে ফিরে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই শ্রমিকদের চিঠি লিখেছেন মুর্শিদাবাদের জেলাশাসক। ভোটের দিন ভোট দেওয়ার জন্য এক দিনের সবেতন ছুটিও পাওয়া যাবে বলে সেই চিঠিতে জেলাশাসক উল্লেখ করেছেন। মঙ্গলবার থেকে সেই চিঠি ডাকে পাঠানোর কাজও শুরু হয়ে গেছে। সেই বিষয়ে ডাক বিভাগের সঙ্গেও আলোচনা করেছেন জেলাশাসক। জানা গেছে, দিল্লি, মুম্বাইয়ের মতো দূরের জায়গাগুলোতে তিন দিনের মধ্যে চিঠি দিয়েছেন বলে কথা দিয়েছে ডাক বিভাগ। বাড়ি বাড়ি গিয়ে পরিসংখ্যান, শ্রমিকদের ফোন নম্বর ও কর্মস্থলের ঠিকানা সংগ্রহ করা হয়েছে। চিঠির পাশাপাশি মোবাইল ফোনে মেসেজ পাঠিয়েও শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। আবেদন করা হয়েছে শ্রমিকদের বাড়ির লোকজনকেও। 
 

Developed by DXDasia