
পার্কের জন্য চিহ্নিত করা হয়েছে দু’টি জায়গা
চা শিল্পের প্রসারে টি পার্ক গড়ার উদ্যোগ নিয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট। এই বিষয়ে টি বোর্ডের সঙ্গে তাদের প্রাথমিক আলোচনাও হয়েছে। পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় আপতত দু’টি জায়গা চিহ্নিত হয়েছে এই পার্কের জন্য।
ইতিমধ্যে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির আওতায় শিলিগুড়িতে একটি টি পার্ক তৈরি হয়েছে। বুধবার ভারত চেম্বার অফ কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ৩০ একর জমি রয়েছে পোর্ট ট্রাস্টের হাতে। কিছু জমি হাওড়ায় সাঁকরাইলের পাঁচপাড়াতেও আছে। এই দু’টি জায়গা বেছে নেওয়া হয়েছ টি পার্ক বানাতে। পার্কের যাবতীয় পরিকাঠামোর ব্যবস্থা করবে পোর্ট ট্রাস্ট নিজেই। তবে পার্ক তৈরি ও চালু করার জন্য উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট চা শিল্প মহলকে।
