বিপদে-আপদে ভরসা দিতে নতুন চেহারায় হাজির কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ

পুরোনো সুবিধার পাশাপাশি মিলবে নতুন পরিষেবাও

বছর দুয়েক আগে কলকাতার নাগরিকদের সুবিধার্থে তৈরি হয়েছিল কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ। সেই পুরোনো ‘বন্ধু’-ই এখন নতুন চেহারায়। গতকাল পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এক অনুষ্ঠানে নতুন চেহারার ‘বন্ধু’ অ্যাপের শুভ সূচনা করলেন নগরপাল শ্রী অনুজ শর্মা। পুরোনো সুবিধাগুলির পাশাপাশি নতুন অ্যাপে থাকছে বেশকিছু নতুন সুবিধাও। থাকছে ‘প্যানিক’ বোতাম। এই বোতাম টিপলেই সঙ্গেসঙ্গে ফোন চলে আসবে কলকাতা পুলিশের ১০০ হেল্পলাইনে। এছাড়াও ফোন চলে যাবে দু’জন এমার্জেন্সি কন্ট্যাক্ট-এর ফোনেও। যাঁরা এই অ্যাপ ব্যবহার করছেন, তাঁরাই বেছে নেবেন এমার্জেন্সি কন্ট্যাক্টদের। এরপরই দ্রুত ফোন আসবে লালবাজারের কন্ট্রোল রুম থেকে। 

রাত-বিরেতে বাড়ির কারো গুরুতর অসুখ হলে প্যানিক বোতাম টিপলেই বাড়িতে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। রাস্তায় মহিলাদের কেউ উত্যক্ত করার চেষ্টা করলেও পাশে থাকবে ‘বন্ধু’ অ্যাপ। এ ছাড়াও থাকছে ব্যাঙ্ক প্রতারণার থেকে সুরাহা পাওয়ার ব্যবস্থা, চাইল্ডলাইন, কন্ট্রোল রুম, প্রবীণ নাগরিকদের জন্য হেল্পলাইনও। এই অ্যাপে ট্রাফিক ফাইন সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে, জানা যাবে হারিয়ে যাওয়া মোবাইল সম্পর্কেও, থানায় করা এফ আই আর-এর তথ্য ডাউনলোড করা যাবে। ভাড়াটে সংক্রান্ত তথ্য এবং যে-কোনো অপরাধ সংক্রান্ত তথ্যও জানানো যাবে এই অ্যাপের মাধ্যমে। চাইলে ডাউনলোড করতে পারবেন পোস্টমর্টেম রিপোর্টও। 

Developed by DXDasia