এই বাতানুকূল রেকে বিদ্যুতেরও সাশ্রয় হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে

পুজোর আগেই চালু হতে চলেছে কলকাতা মেট্রোর নতুন রেক। সোমবারই রেক এসে পৌঁছবে। অত্যাধুনিক এই বাতানুকূল রেকে বিদ্যুতেরও সাশ্রয় হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।দাঁড়ানোর সুবিধা থেকে, টক ব্যাকে চালকের সঙ্গে কথা বলা, এমনই বাড়তি সুবিধা থাকছে এই রেকগুলিতে। জানিয়েছেন মেট্রোরেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।

চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল কোচ ফ্যাক্টরিতে তৈরি মেট্রোর নতুন রেকে যাত্রীদের দাঁড়ানোর জায়গা থাকছে বেশি। যাতে কারুর পা পিছলে না যায়, তার জন্য মেঝের ম্যাট ফিনিশিং করা হয়েছে। এসির হাওয়া বেরোনোর জায়গা করা হয়েছে সিটের ওপর দিয়ে। আগে যা ছিল কামরার মাঝখানে। প্রতিটি কোচে রয়েছে টকব্যাক সিস্টেম। কোচে কোনও যাত্রীর সমস্যা হলে টকব্যাক পুস করে মেট্রোর চালকের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ভেস্টিবিউলগুলোও আগের থেকে অনেক চওড়া করা হয়েছে। রেকগুলি জার্কিং ফ্রি হবে।

কোনও কোচে কোনও সমস্যা হলে সেই কোচকে ট্রেন থেকে আলাদা করে দিতে পারবেন চালক, এমনই সুবিধা রাখা হয়েছে চালকের কাছে। মেটালিক কয়েলের বদলে রবারের স্প্রিং থাকায় আগের রেকগুলোর থেকে নতুন রেকে তাপ নির্গমণ কম হবে। যাত্রীরা স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারবেন।

Developed by DXDasia