যাত্রীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ

সময়ের ব্যবধানেও আনা হয়েছে রদবদল

গরম আর করোনা দাপটে ভোগান্তির শেষ নেই দৈনন্দিন রুটিরুজির জন্য পথে-ট্রেনে-বাসে যাতায়াত করা নিত্যযাত্রীদের। যাঁরা দৈনন্দিন মেট্রোতে আসা-যাওয়া করেন এবার তাঁদের জন্য স্বস্তির খবর দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কবি সুভাষ ও দমদম আপ এবং ডাউন লাইনে আরও বেশি ট্রেন চালানোর কথা জানানো হয়েছে মেট্রোর তরফে।

শুধু তাই নয় সময়ের ব্যবধানে আনা হয়েছে রদবদল। ২৫২-র পরিবর্তে আগামী ১২ এপ্রিল থেকে সোমবার থেকে শুক্রবার ২৫৮টি ট্রেন চলবে এই লাইনে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে ৮৭টির পরিবর্তে ৮৮টি ট্রেন চলবে। যদিও প্রথম এবং শেষ ট্রেনের সময় পরিবর্তন করেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। আগের মতোই  সকাল ৬টা ৫০-এ শুরু হবে পরিষেবা।

কবি সুভাষ এবং দমদম থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। দক্ষিনেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে ৯টা ২৮ মিনিটে। সোম থেকে শুক্রবার অফিস টাইমে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা এবং বিকেল ৫টা থেকে সাড়ে ৫টায় ৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। তবে করোনা প্রাদুর্ভাবে এখনই টোকেন পরিষেবা চালু করছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। অফিস টাইমে বাড়তি সুবিধা পাওয়ায় করোনাকালে অনেকটাই ভিড় নিয়ন্ত্রণে আসবে বলে অনেকে মনে করা হচ্ছে।

Developed by DXDasia