
দেশের ১৯টি বড়ো শহরের মধ্যে অপরাধের হার সবচেয়ে কম
দেশের নিরাপদতম শহর এখন কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০১৭ সালের তথ্যানুযায়ী, ২০ লক্ষ বা তার বেশি জনসংখ্যাবহুল শহরের মধ্যে কলকাতাতেই অপরাধের হার সবচাইতে কম। গোটা দেশের বড়ো শহরগুলিতে গড় অপরাধের হার যেখানে ৪৬২.২, সেখানে কলকাতার অপরাধের হার মাত্র ১৪১.২ (প্রতি এক লক্ষ জনসংখ্যায়)।
২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কলকাতার থানাগুলিতে জমা পরা অভিযোগের সংখ্যা হ্রাস পেয়েছে ৩১.৩ শতাংশ। ২০১৭-তে কলকাতায় জমা পড়া অভিযোগের সংখ্যা ১৯,৯২৫। এর মধ্যে ধর্ষণের অভিযোগ জমা পড়েছে ১৫টি। দিল্লিতে সেখানে ২০১৭-তে ধর্ষণের অভিযোগ জমা পড়েছে ১,১৭০টি। নারীসুরক্ষাতেও যে কলকাতা অনেকটাই এগিয়ে, এই পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট।
কলকাতার পাশাপাশি অপরাধপ্রবণতা কমেছে গোটা রাজ্যেই। নিরাপত্তার নিরিখে ১৯তম স্থান থেকে একলাফে ১১তম স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।
