আর মাত্র চল্লিশ দিন – তারপরেই রাশিয়া আসছে মহানগরে

কলকাতা বইমেলা ২০২০ থিম দেশ – শীতের মরশুমে রাশিয়া আসছে কলকাতায়

আর মাত্র চল্লিশটা দিন। তারপরেই রাজধানী শহর কলকাতায় আসছে রাশিয়া। খবরটা আশ্চর্যের হলেও ভীষণভাবে সত্যি। কারণ ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২০-তে থিম দেশ হিসাবে উপস্থিত থাকছে রাশিয়া। রাশিয়ার কনস্যুলেট অ্যালেক্সি ইদামকিনকে সঙ্গে নিয়ে কলকাতার পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ড-এর পক্ষ থেকে সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় একথা ঘোষণা করেছেন। সাংবাদিক সম্মেলনে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে সেই দেশের সাহিত্য, সিনেমা, এমনকি বাঙালির প্রিয় রাশিয়ান হার্ড রক ও লোকগান নিয়ে তৈরি হবে প্যাভেলিয়ান। এছাড়াও কলকাতা বইমেলায় হাজির থাকবেন এই প্রজন্মের রাশিয়ান সাহিত্যিক-কবিরাও।

একটি মেলা কখনও আঞ্চলিক হতে পারে না। তার নিজস্ব মেজাজে একটি বিশেষ জায়গা ফোকাসে থাকলেও মেলার চালচিত্র হয়ে ওঠে বিশ্বজনীন। কেউ সেই মেলাকে গ্রহণ করেন, কেউ করেন না। কিন্তু কলকাতা আন্তর্জাতিক বইমেলার চেহারাটাই ক্রমশ পাল্টে যেতে থেকেছে বাংলা তথা ভারত তথা বিশ্বের নামী-দামী প্রকাশনীগুলোর অংশগ্রহণের জন্য। ২০১৯ সালের বইমেলায় ভিড় হয়েছিল প্রায় ২৪ লক্ষ। বই বিক্রি হয়েছিল প্রায় ২১ কোটি টাকার। যা গত ৪৩ বছরের রেকর্ড ছিল। 

এই প্রজন্ম কি বই পড়তে ভুলে যাচ্ছে? এ নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা হয়েছে, আগামিদিনেও হবে। কিন্তু বইমেলার দশটা দিন বই বিক্রিতে ভাটা পড়েনি কোনোবার। পশ্চিমবঙ্গের প্রকাশনী সংস্থাগুলি এই মেলার দিকে চেয়ে সারাবছর কাজ করেন। এই মেলা অনেকখানি ভরসা জোগায় লিটল ম্যাগাজিনগুলিকেও। তাছাড়া কবি-সাহিত্যিক-পাঠকদের ভিড়ে বইমেলা হয়ে ওঠে মিলনমেলা, বইপোকাদের সঠিক নির্বাচনে বিশ্বের বই পৌঁছে যায় বাঙালির ঘরে ঘরে। 

প্রতি বছরের মতো এবারেও অংশগ্রহণ করবে ব্রিটেন, আমেরিকা, ভিয়েতনাম, জাপান, ফ্রান্স, আর্জেন্তিনা, গুয়াতেমালা, মেক্সিকো, পেরি, লাতিন আমেরিকা এবং বাংলাদেশ। থাকবে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, কর্ণাটক, গুজরাত, নাগাল্যান্ড, অসম, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশা রাজ্যও। এবছর পালিত হবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী। থাকবে কলকাতা সাহিত্য উৎসব। ২৯ জানুয়ারি থেকে বইমেলা শুরু হবে, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Developed by DXDasia