ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়ল প্রথম ক্রুজ জাহাজ

শুরু হল কলকাতা-ঢাকা ক্রুজ পরিষেবা

দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম যাত্রীবাহী ক্রুজ জাহাজ পরিষেবা চালু হল। যার ফলে, দুই দেশের মধ্যে সড়ক ও রেলপথের পাশাপাশি খুলে গেল জলপথেও যাত্রী ও পর্যটক চলাচলের নতুন দরজা।

শুক্রবার সকালে কলকাতা থেকে আরভি বেঙ্গল গঙ্গা নামের একটি ক্রুজ ১৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করল। সুন্দরবনের হেমনগরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এই প্রমোদতরণী রবিবার প্রবেশ করল বাংলাদেশে। মোংলা বন্দর, বরিশাল, চাঁদপুর পার হয়ে ১০ দিন পর ঢাকায় পৌঁছবে জাহাজটি। আরভি বেঙ্গল গঙ্গা ফেরার সময় গৌহাটি হয়ে কলকাতা আসবে। হুগলি, পদ্মা ও ব্রহ্মপুত্র নদীপথে এই ক্রুজ মোট ১৫৩০ কিলোমিটার অতিক্রম করবে। অন্যদিকে, শুক্রবারই বাংলাদেশের নারায়ণগঞ্জের পাগলা ভিআই ঘাট (মেরি এন্ডারসন) থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে মধুমতী নামের এক ক্রুজ জাহাজ।   

 

Developed by DXDasia