
আন্তর্জাতিক সম্মেলনে এই সম্মাননা গ্রহণ করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম
দূষণ মুক্ত পরিষেবা দিতে কলকাতায় উন্নত পরিকাঠামো চালুর জন্য বিশেষভাবে সম্মানিত হল কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। আরও একটি আন্তর্জাতিক সম্মানে গর্বিত হল বাংলার রাজধানী কলকাতা। বুধবার ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনে একটি আন্তর্জাতিক সম্মেলনে এই সম্মাননা গ্রহণ করেন কেএমডিএ চেয়ারম্যান এবং পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
রাস্তাঘাটে যানবাহন চলাচলের জেরে যে ভয়ঙ্কর মাত্রায় দূষণ হচ্ছে, তা রুখতে নতুন নতুন পরিকাঠামো ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুরসভা। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা চালুর জন্য তিন বছর আগে সাউথ কোরিয়ার সেওলে আরও একটি আন্তর্জাতিক সম্মান পেয়েছিল কেএমডিএ। এ বার ইলেকট্রিক বাস চালু ও শহর থেকে গ্যাস ও কয়লার উনুন সরিয়ে ইলেকট্রিক ওভেন চালুর জন্য এই সম্মান পেল কেএমডিএ।
