রাজ্যের প্রথম হেরিটেজ শহরের মর্যাদা পাচ্ছে নবদ্বীপ এবং কোচবিহার

রাজ্য হেরিটেজ কমিশনের নতুন ঘোষণা

রাজ্যের প্রথম হেরিটেজ শহরের মর্যাদা একত্রে পেতে চলেছে নবদ্বীপ এবং কোচবিহার। রাজ্য হেরিটেজ কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে এই দুই শহরকে হেরিটেজ শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। হেরিটেজ শহরের স্বীকৃতি পেলে হেরিটেজ চিহ্নিত এলাকায় দেওয়াল লিখন, সাইনবোর্ড লাগানো, সম্পত্তি সংস্কার, লিজ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। নতুন বিজ্ঞপ্তিতে কোচবিহার ও নবদ্বীপের ঐতিহ্যশালী স্থাপত্য ও এলাকাগুলিকে চিহ্নিত করে তালিকা প্রকাশ করেছে রাজ্য হেরিটেজ কমিশন। নবদ্বীপের ৮৬টি এবং কোচবিহারের ১৫৫টি সৌধকে চিহ্নিত করা হয়েছে। নবদ্বীপ ও কোচবিহার পুরসভার বাইরেও একাধিক সৌধ আছে। ফলে, নতুন হেরিটেজ হিসেবে এই দুই শহরের আয়তনই বাড়বে।

নবদ্বীপের হেরিটেজ সৌধগুলির তালিকায় ঠাঁই পেয়েছে চৈতন্যদেবের জন্মভিটে, বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটে, বল্লাল ঢিবি, নৃসিংহদেবের মন্দির, বামনপুকুর বড় মসজিদ, চাঁদ কাজির সমাধি, ইসকন মন্দির ইত্যাদি। কোচবিহারের ক্ষেত্রে ১৫৫টি স্থাপত্যের ভিতর ঠাঁই পেয়েছে ৩৮টি দিঘি-সমেত কোচবিহার রেলস্টেশনও। উনিশ শতকে মহারাজ নৃপেন্দ্র নারায়ণের হাত ধরে ইউরোপিয়ান শহরের ধাঁচে দেশের প্রথম পরিকল্পিত শহর হিসেবে জন্ম নিয়েছিল কোচবিহার। ফলে, এখানে নানা জায়গাতেই ছড়িয়ে-ছিটিয়ে আছে ঐতিহ্যের স্পর্শ।

রাজ্য হেরিটেজ কমিশনের এই সিদ্ধান্তে দুটি শহরেরই ইতিহাস ও ঐতিহ্যশালী স্থাপত্যগুলি সংরক্ষিত হবে, আশা করছে ওয়াকিবহাল মহল। 

Developed by DXDasia