
বাঘ, লেপার্ডের পাশাপাশি বাইসন আর গণ্ডারে গৌরব ফিরবে এই পর্যটন কেন্দ্রের
ছিন্নমূল গণ্ডার আর বাইসনদের ঘিরেই নতুনভাবে সেজে ওঠার স্বপ্ন দেখছে ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি পর্যটন কেন্দ্র। একসময়ে উত্তরবঙ্গের লোকালয়ে চলে আসা লেপার্ডদের পুনর্বাসন দেওয়ার জন্যেই গড়ে তোলা হয়েছিল জলদাপাড়া অভয়ারণ্যের গা লাগোয়া এই পর্যটন কেন্দ্রকে। চালু ছিল লেপার্ড সাফারিও। পরে, বিভিন্ন সার্কাস থেকে বাজেয়াপ্ত ১৮টি বাঘেরও ঠিকানা হয়েছিল দক্ষিণ খয়েরবাড়ি। বর্তমানে এই পর্যটন কেন্দ্রে রয়েছে ১৫টি লেপার্ড ছাড়াও কুমিরের আক্রমণে পা-হারানো রয়াল বেঙ্গল টাইগার রাজা।
দক্ষিণ খয়েরবাড়ির এই পর্যটন কেন্দ্রকেই নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছে রাজ্য জু অথরিটি। বেশ কিছুদিন ধরেই লোকালয়ে ছিটকে আসা গণ্ডার আর বাইসনদের পুনর্বাসনের পরিকল্পনা চলছিল। ঠিক হয়েছে, খয়েরবাড়ির এলাকার মধ্যেই গণ্ডার আর বাইসনদের চারণভূমি তৈরি করা হবে। এতে নতুন চেহারা পাবে এই পর্যটন কেন্দ্র। পাশাপাশি, লোকালয়ে বারবার ছিটকে আসা গণ্ডার আর বাইসনদের সমসয়ারও সুরাহা হবে। বাঘ, লেপার্ড, বাইসন আর গণ্ডারদের একসঙ্গে দেখতে পর্যটকদেরও ভিড়ও বাড়বে।
বনদপ্তরের সবুজ সংকেত পেলেই শুরু হয়ে যাবে পর্যটন কেন্দ্রকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ।
