জুনের প্রথম সপ্তাহে রবীন্দ্রসদনে ‘কারা উৎসব’

দ্বিতীয় বছরে পা দেওয়া এই উৎসবে রসনা ও পোশাকের সম্ভার নিয়ে আপনার অপেক্ষায় থাকবেন জেলবন্দিরা

রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’র এ এক অনন্য উদাহরণ। ‘কারা উৎসব’। অনুষ্ঠিত হবে জুনের প্রথম সপ্তাহের শেষদিকে, রবীন্দ্রসদনে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে দুদিন। দমদম, আলিপুর এবং প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলের বন্দিদের বানানো প্রায় বারো রকমের খাবার ও কুকিজের বিপণি থাকবে রবীন্দ্রসদন চত্বরে। উৎসবের অন্যতম আকর্ষণ খাবারের এই দোকানগুলি।

প্রেসেডিন্সি জেলের ক্যান্টিনে বন্দিরা বিরিয়ানি, মটন ও চিকেন কাটলেট ও দইবড়া বানাতে পারদর্শী। এসবই পাওয়া যাবে সেখানে। এছাড়াও ফ্যাশান ডিজাইনার অভিষেক দত্তের তত্ত্বাবধানে প্রেসিডেন্সি জেলের বন্দিদের তৈরি পোশাকের প্রদর্শনীরও আয়োজন করা হবে। এক শিল্পীর উদ্যোগে জেলের কয়েকজন বন্দি মগ্ন ডিজাইনার শাড়ি তৈরিতে। সেই শাড়ির প্রদর্শনীও হবে উৎসবে।

গতবছর থেকেই কারা উৎসব শুরু হয়েছে রাজ্যে। ৬,৭ ও ৮ জুনের মধ্যে যে-কোনও দুদিন ওই উৎসব হবে। বন্দিরা অংশগ্রহণ করবেন একাধিক অনুষ্ঠানে।

Developed by DXDasia