
‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছোটো ছবি
বাংলা চলচ্চিত্রে এবার জার্মান সাহিত্যিক ফ্রান্ৎস কাফকা। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছোটো ছবি ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ কাফকার ছোটো গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। একজন শিল্পীর শিল্পচর্চা এবং জীবনবোধের কেন্দ্রে রয়েছে ক্ষুধা। এই ক্ষুধার জ্বালা অসম্ভব। কাজ করার এই খিদে থেকেই একজন শিল্পী অনশন আন্দোলন শুরু করেন। প্রশ্ন তোলেন, তাঁর শিল্পের মর্যাদা আদতে কোথায়! শুধুমাত্র অনশন নয়। সেই মঞ্চে শুরু করেন অভিনয়। এই অনশন আন্দোলন বিশ্ব ইতিহাসে নতুন কিছু নয়। অষ্টাদশ শতকে আমেরিকা এবং ইউরোপের অনেক শিল্পী এরকমভাবে অনশনে বসে সমাজব্যবস্থার দিকে আঙুল তুলতেন। শিল্পের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতেন অভিনয়ের মাধ্যমে। সামনে উপস্থিত থাকা দর্শকদের কাছে সরাসরি পৌঁছে যেত সেই বার্তা।
এরকম একটি বিশয় নিয়েই কাফকা লিখেছিলেন এই ছোটোগল্পটি। তাকে আশ্রয় করেই এবার কমলেশ্বর বানিয়ে ফেলেছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এখানে তাঁর চরিত্রের নাম ভুতো। এছাড়াও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ও প্রিয়াঙ্কা মণ্ডল। এই ছবিটিই প্রথমবারের জন্য প্রদর্শিত হতে চলেছে ৫০তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম বিভাগে। চিত্রগ্রহণে মনোজকুমার মিশ্র, শিল্প নির্দেশনায় আশিস অধিকারী, সম্পাদনা করেছেন সুজয় দত্তরায়। কাফকার এই গল্পটি নিয়ে এর আগে এ দেশে বিভিন্ন পথনাটক এবং প্রসেনিয়াম নাটক হলেও চলচ্চিত্রে এই প্রথমবার। এর আগে কলকাতায় ‘সাত তলা বাড়ি’ নামক একটি থিয়েটার দল এটি নাটক আকারে পরিবেশন করেছিল।
