
কালীপুজোর দিন থেকেই ‘আকাশে’ পথচারণা শুরু শহরবাসীর…
আকাশপথ ধরে হাঁটা শুরু হয়ে গেল শহরবাসীর। কালীপুজোর ঠিক আগের বিকেলবেলা দক্ষিণেশ্বরের বহু প্রতীক্ষিত স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটিই কলকাতার সর্বসাধারণের চলাচলের জন্য তৈরি হওয়া স্কাইওয়াক। মুখ্যমন্ত্রী স্কাইওয়াকটির উদ্বোধন করেন বিকেল পাঁচটায়। আজ থেকেই এটি সবার জন্য খুলে দেওয়া হবে।
দর্শনার্থীদের ভিড় এবং দোকানের ঢল—সবমিলিয়ে বিগত কয়েক বছর ধরেই যানজট হয়ে উঠেছিল দক্ষিণেশ্বর মন্দির-লাগোয়া অঞ্চলের দৈনন্দিন ঘটনা। উৎসবের মরসুমে ‘রানি রাসমণি স্কাইওয়াক’ সেই যানজট থেকে অনেকটাই সুরাহা দেবে বলে মত স্থানীয়দের। ৬০ কোটি টাকা ব্যয়ে ১০.১৫ মিটার চওড়া আর ৩৪০ মিটার লম্বা এই স্কাইওয়াকে রয়েছে ১৪টি এসকেলেটর এবং ৪টি লিফট। প্রত্যেকবার লিফটে ২০ জন করে ওঠানামা করতে পারবে। স্টেশন থেকে মন্দিরে যাওয়ার পথে স্কাইওয়াক থেকেই দর্শনার্থীরা কিনতে পারবেন প্রয়োজনীয় সামগ্রী, তার জন্য পসরা সাজিয়ে হাজির থাকছে ১৩৭টি দোকান। দোকান-দর্শনার্থী সব মিলিয়ে স্কাইওয়াকের ওপরে ভারের পরিমাণ নেহাত কম হবে না। ফলে, স্কাইওয়াকটির ভারবহন ক্ষমতা নিয়ে সামান্য ঝুঁকিও নিতে চায়নি পুর ও নগরোন্নয়ন দপ্তর। বারবার পরীক্ষা করে দেখার পর তবেই চালু হওয়ার ছাড়পত্র মিলেছে।
শহরের দ্বিতীয় স্কাইওয়াকের ঘোষণাও মুখ্যমন্ত্রী করেছেন কয়েকদিন আগেই। দক্ষিণেশ্বরের পর এবার কালীঘাট। পুরসভা সূত্রের খবর, এস পি মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দিরমুখী পথেই স্কাইওয়াক হওয়ার সম্ভাবনা বেশি। কালীঘাটের স্কাইওয়াক দক্ষিণেশ্বরের থেকে কম দৈর্ঘ্যের হবে, তবে প্রস্থ একই থাকবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
