বাংলায় প্রথম অনলাইন ঐতিহাসিক অভিধানের কাজ শুরু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়

স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে

বহু বিতর্কের মধ্যেও মাথা তুলে দাঁড়িয়ে আছে দেশের তথা রাজ্যের অন্যতম সেরা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর আগেও বারবার আকাশ ছুঁয়ে নিজের কৃতিত্ব প্রমাণ করেছে কলকাতা দক্ষিণের এই বিশ্ববিদ্যালয়টি। এবার তারাই একটি নতুন এবং অভিনব উদ্যোগে সামিল হল।

‘শব্দকল্প’ অর্থাৎ বাংলা ভাষার হিস্‌টোরিক্যাল ডিকশনারি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভারতীয় কোনো ভাষায় এই প্রথম। এই অভিধান ঘাঁটলে যেকোনো একটি বাংলা শব্দের আভিধানিক অর্থ, তার উৎস ইত্যাদি তো জানা যাবেই, সেই সঙ্গে সেই বিশেষ শব্দটি কোন বাংলা উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা, নাটকে কতবার ব্যবহার করা হয়েছে তারও সন্ধান মিলবে। ধরা যাক, ‘নৌকা’ শব্দটি ১৯৩০-১৯৮০ সময়পর্বে ৬,৬০২টি লেখায় মোট ১২,৫৩৫ বার ব্যবহার করা হয়েছে, তার বিবরণ তো থাকবেই। পাশাপাশি ১৯৮০-২০০১ সময়পর্বে এই সংখ্যাদু’টি যথাক্রমে ২,০০০ এবং ১,২০০। তাহলে কি এই শব্দটির ব্যবহার ক্রমশ হ্রাস পেয়েছে? কেনই বা হ্রাস পেয়েছে? তারই যাবতীয় খোঁজ মিলবে এই অভিধানে।

এইরকম অনেক ভাবনার রসদ খুঁজে যাবে এখানে। বহু অধ্যাপক এবং গবেষকদের পরিশ্রমে এই অভিধান নির্মিত হয়েছে। এমন ঐতিহাসিক কাজের জন্য কর্তৃপক্ষকে অভিনন্দন।

Developed by DXDasia