চার হাজার কোটিতে বদলাচ্ছে কলকাতা

বদলে যাবে জোকা বেহালা গার্ডেনরিচ মহেশতলা

এবার কলকাতার পিছিয়ে পড়া এলাকাগুলোকে উন্নত করার এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছে কলকাতা পুরসভা। অল্পদিনের মধ্যেই এসব এলাকা কলকাতার যে কোনও অভিজাত এলাকার সঙ্গে এক সারিতে দাঁড়াতে পারবে।

প্রকল্পটির লক্ষ্য

১) পরিস্রুত জল
মহানগরীর যেসব এলাকায় পরিস্রুত জল সরবরাহের কিছুটা খামতি এখনও রয়ে গেছে, সেই সব এলাকায় ভূপৃষ্ঠস্থ পরিশোধিত জল সরবরাহের ব্যবস্থা করা। পুরনো যন্ত্রপাতি ও সরঞ্জামগুলিকে বদলে সর্বাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম বসানো। এর ফলে মাটির নীচের জল তোলা ধীরে ধীরে কমে আসবে।

২) নিকাশি  
মহানগরের প্রান্তিক এলাকাগুলিতে নিকাশি ব্যবস্থার প্রসার ঘটানো হবে। মাটির উপরে খোলা নর্দমার বদলে পর্যায়ক্রমে মাটির নীচে দিয়ে নিকাশি ব্যবস্থা গড়ে তোলা। সর্বাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম বসানো।

৩) কঠিন বর্জ্য
এই কাজের মূল দিকগুলো হল বাড়ির তথা দোকান-পাট ও শহরের নানা কাজকর্মের ফলে যেসব কঠিন জিনিস মানুষ ফেলে দেয়, তা সরিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে কঠিন বর্জ্যর প্রক্রিয়াকরণ (প্রসেসিং ট্রিটমেন্ট) এবং কঠিন বর্জ্য অপসারণ করার বিষয়গুলিতে।

৪)  জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস)
কলকাতা পুরসভার এলাকাভুক্ত সমগ্র অঞ্চলের খুঁটিনাটি মানচিত্র প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে থাকবে সব সম্পত্তির সীমানা, বিভিন্ন পরিষেবামূলক কাঠামো, যেমন, রাস্তা, জল সরবরাহ ব্যবস্থা নিকাশি ও জল নিষ্কাশন নেটওয়ার্ক প্রভৃতি।

৫) আর্থিক ও প্রকল্প ব্যবস্থাপনা
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যার সুফল ভবিষ্যতে দীর্ঘকাল ধরে পাওয়া যাবে।
কাজটি বাস্তবায়িত হবে বেহালায়, জোকা এলাকায় গার্ডেনরিচ মহেশতলা পুরসভা ও সংলগ্ন অঞ্চলে। এসব কাজের ফলে মহানগরের পরিবেশের বড়সড় উন্নতি হবে।

অর্থসংস্থান
প্রকল্পটিতে খরচ হবে প্রায় ৫৬৬০ লক্ষ মার্কিন ডলার বা প্রায় চার হাজার কোটি টাকা। এর ৭০ শতাংশ বা প্রায় ৪ হাজার লক্ষ মার্কিন ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঞক। কলকাতা পুরসভা আগের কাজের রিপোর্টে সন্তুষ্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই বিপুল পরিমাণ টাকা দিতে সম্মত হয়েছে। বাকি প্রায় ১ হাজার ৭০০ লক্ষ মার্কিন ডলার রাজ্য সরকার জোগাবে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও রাজ্য সরকারের মিলিত উদ্যোগে পর্যায় ভিত্তিক অর্থসংস্থান

প্রথম পর্যায়- ৯৪০ কোটি টাকা।
দ্বিতীয় পর্যায়-  ১৯২০ কোটি টাকা।
তৃতীয় পর্যায়-  ৯৪০ কোটি টাকা।
মোট তিন পর্যায়ে- ৩৮০০ কোটি টাকা।

কাজের পরিকল্পনা- কলকাতা পরিবেশ উন্নয়নে বিনিয়োগ কর্মসূচি তিনটি পর্যায়ে বাস্তবায়িত করা হচ্ছে।

প্রথম পর্যায়- ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে এবং দ্রুত গতিতে চলছে।

দ্বিতীয় পর্যায়- দ্বিতীয় পর্যায়ের কাজ ২০১৬ সালের নভেম্বরে শুরু হয়ে গিয়েছে।

তৃতীয় পর্যায়- তৃতীয় পর্যায়ের কাজের রূপরেখা (ডিজাইন) নির্মাণের পর্যায়ে রয়েছে। কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, এই কাজ সম্পন্ন হলে জল সরবরাহ, নিকাশি ইত্যাদি পরিষেবার ক্ষেত্রে পিছিয়ে পড়া অঞ্চলগুলো মহানগরের অন্যান্য এলাকার সঙ্গে একই সারিতে আসবে।

Developed by DXDasia