
জি ফাইভের জন্য ওয়েব সিরিজ বানাচ্ছেন অরিন্দম শীল
ভারতের প্রথম সিরিয়াল কিলার। একে সুন্দরী, আবার বুদ্ধিমতীও বটে। তাও আবার বাঙালি মেয়ে। নাম ত্রৈলোক্য। এরকমই দুর্ধর্ষ এক অপরাধীকে নিয়ে জি ফাইভের জন্য থ্রিলার বানাতে চলেছেন অরিন্দম শীল। সেই ওয়েব সিরিজের জন্য আবার তিনি জুটি বাঁধছেন জয়া আহসানের সঙ্গে।
প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা ‘দারোগার দপ্তর’ অনুসরণে এই ওয়েব সিরিজ তৈরি হবে। প্রিয়নাথবাবুর চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। তবে থ্রিলারের কেন্দ্রীয় চরিত্রে থাকবেন জয়া আহসান। দুর্ধর্ষ সিরিয়াল কিলার ত্রৈলোক্যের ভূমিকায়। ত্রৈলোক্যের প্রেমিক কালীবাবুর চরিত্রে কে থাকবেন সেটা এখনও জানা যায়নি। সম্ভবত মুম্বাইয়ের কোনো অভিনেতাকে কালীবাবুর ভূমিকায় দেখা যাবে। সংগীত পরিচালক থাকছেন বিক্রম ঘোষ। সিরিজটি দেখানো হবে দু’টি সিজন জুড়ে। চলতি বছরই দর্শকদের কাছে পৌঁছে যাবে এই ওয়েব সিরিজ।
