‘জগ্‌গা জাসুস’-এর অভিনেত্রী বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার

বিদিশার স্বামী নিশীথ ঝাঁ-কে গ্রেফতার করেছে পুলিশ

অসমিয়া অভিনেত্রী এবং গায়িকা বিদিশা বেজবড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জগ্গা জাসুস-এ তিনি অভিনয় করেছেন। সোমবার সন্ধ্যায় তাঁর দেহ গুরগাঁওয়ের অভিজাত এলাকা সুশান্ত লোক এলাকার বাড়ি থেকে উদ্ধার হয়। অভিনেত্রীর স্বামী নিশীথ ঝাঁ-কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

বিদিশা অসমের টিভি জগতে পরিচিত নাম। বহু স্টেজ শো তিনি সঞ্চালনা করেছেন। সম্প্রতি মুম্বই থেকে গুরগাঁও গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, বিদিশাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অসমিয়া এই অভিনেত্রীর বাবা পুলিশকে জানিয়েছেন, বিদিশার মোবাইলে ফোন করে তাঁকে পাচ্ছিলেন না। খারাপ কিছু সন্দেহ করে সোমবার সন্ধ্যায় গুরগাঁও পুলিশকে ঠিকানা দিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ করেন। তারপরই মৃত বিদিশাকে ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়।

পুলিশ পৌঁছনোর পর দেখে বিদিশার ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকির পরে সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় বিদিশাকে উদ্ধার করে পুলিশ। নিহত অভিনেত্রীর বাবার অভিযোগ, বিদিশা প্রেম বিবাহ করেছিলেন। তবে স্বামীর সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত।

Developed by DXDasia