পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী

দেশের ৬ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগের নির্দেশ জারি করেছেন রাষ্ট্রপতি

কেশরীনাথ ত্রিপাঠীর রাজ্যপাল পদের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই বুধবার। তাঁর মেয়াদ বাড়ানো হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছিল বিভিন্ন মহলে। এরই মধ্যে একসঙ্গে ৬ রাজ্যের রাজ্যপাল পরিবর্তন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 শনিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঠিক হয়। ৬৮ বছর বয়সী জগদীপ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভার সাংসদ ছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন ওই কয়েক বছর। এছাড়া তিনি রাজস্থান হাইকোর্টের বার কাউন্সিলের সভাপতি এবং ইন্টারন্যাশানাল কোর্ট অফ আরবিট্রেশনের সদস্যও ছিলেন। ট্যুইট করে ইতিমধ্যেই নয়া রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ ছাড়াও আরও ৫টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। ত্রিপুরার রাজ্যপাল হলেন রমেশ বৈস। লালজি ট্যান্ডনকে বিহার থেকে সরিয়ে মধ্যপ্রদেশের রাজ্যপাল করা হয়েছে। তাঁর জায়গায় বিহারের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান। আরএন রবি হলেন নাগাল্যান্ডের রাজ্যপাল। উত্তরপ্রদেশের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন আনন্দীবেন প্যাটেল। তাঁর হাত ধরে প্রথম মহিলা রাজ্যপাল পেল ওই রাজ্য।

Developed by DXDasia