
বাজবে ধামসা মাদল, আদিবাসী সুরে রথযাত্রা শিলিগুড়ি ইসকনে
জ্বর এসেছে জগন্নাথদেবের। গত ৯ জুন স্নানযাত্রার পর থেকেই জ্বরে পড়েছেন। শিলিগুড়ির ইসকনের জগন্নাথ মন্দিরে আপাতত বিশ্রামে তিনি। তুলসী, বাসক, লবঙ্গ, এলাচ দিয়ে তৈরি করা আয়ুর্বেদিক ওষুধে সেবা চলছে তাঁর। আগামী ২৫ জুন, রথযাত্রার দিন সেরে উঠে ভক্তদের দর্শন দেবেন তিনি। অথচ, পনেরো জনেরও বেশি ভক্ত এবার আসছেন না তাঁর দর্শনে। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার বেশ কিছু ভক্ত বাতিল করলেন শিলিগুড়ি ইসকনে আসার পরিকল্পনা। ফোন মারফত জানিয়ে দিয়েছেন, পাহাড়ে একটানা অশান্তির কারণেই তাঁরা রথযাত্রায় আসছেন না এবার। এমনটাই জানালেন শিলিগুড়ি ইসকনের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস।
এমন অবস্থায় রথের আকর্ষণ বাড়ানোর জন্য আয়োজন করা হয়েছে বিনোদনের। শিলিগুড়ির হায়দরপাড়া থেকে বের হওয়া রথের শোভাযাত্রায় অংশ নেবেন স্থানীয় আদিবাসী মেয়েরা। মাদল ও ধামসার তালে নাচের পাশাপাশি জগন্নাথদেবের গানও গাইবেন তাঁরা। এখন তারই প্রস্তুতি চলছে পুরোদমে। মন্ত্রী গৌতম দেব উদ্বোধন করবেন শিলিগুড়ি ইসকনের এই রথযাত্রার।
