
সেতুর দু’দিকে থাকবে ওয়েব্রিজ এবং সিসিটিভি ক্যামেরা
মেরামতির কাজে টানা ছয় মাস বন্ধ রয়েছে ঈশ্বর গুপ্ত সেতু। হুগলি নদীর উপর দিয়ে এই সেতু নদিয়া এবং হুগলি জেলার সংযোগ রক্ষা করছে। মাসখানেকের মধ্যেই সেখানে আগের মতোই আবার ভারী যানবাহন চলাচল শুরু হবে।
দুই জেলার মধ্যে পণ্য আদানপ্রদানের ক্ষেত্রে ঈশ্বর গুপ্ত সেতুর গুরুত্ব খুবই বেশি। প্রায় ছয় মাস সেতু বন্ধ থাকায় ঘুরপথে মানুষ এবং গাড়ি পরিবহন করতে হত। এতদিনে সংস্কারের কাজ মোটামুটি শেষের পথে। ইতিমধ্যেই সেখানে বিভিন্ন গার্ডওয়াল, গার্ডার ও পিলারের কাজ প্রায় হয়ে এসেছে। সেতুর যেখানে যেখানে সমস্যা ছিল, ঠিক করা হয়েছে সেগুলোও। যাতে অতিরিক্ত পণ্য নিয়ে কোনো গাড়ি সেতুর উপর দিয়ে না যেতে পারে, তার জন্য দু’দিকে যাতে ওয়েব্রিজ এবং সিসিটিভি রাখা যায়, সেই নিয়ে ভাবনাচিন্তা করছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। সব ঠিকঠাক চললে ঈশ্বর গুপ্ত সেতু দিয়ে নিয়মিত যান চলাচল শুরু হবে জুলাইয়ের মাঝামাঝি থেকেই।
