
বাম আমলের দুর্নীতির তদন্তে বৈঠক
বামফ্রন্ট সরকারের আমলে প্রায় তিনশো কোটি টাকার লোহা আকরিক কেলেঙ্কারির তদন্তে গতি আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার মির্জা গালিব স্ট্রিটে খাদ্য দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হয় এই নিয়ে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকসহ খাদ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা ছাড়াও সিআইডি-র কর্তারা বৈঠকে ছিলেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই কেলেঙ্কারির ঘটনায় অতিরিক্ত চার্জশিট দাখিল করতে চলেছে সিআইডি। ইতিমধ্যে এই কেলেঙ্কারির ঘটনায় চারটি মামলায় একাধিক চার্জশিট দাখিল হয়েছে। যে বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে বিদেশে লোহা আকরিক রপ্তানি করার উদ্যোগ নিয়েছিল, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় কি না, সেটাও খতিয়ে দেখছে সরকার। মোট ২০টি সংস্থাকে লোহা রপ্তানির জন্য ২০০৫ সালে ৩২৯ কোটি ৬৯ লক্ষ ৮ হাজার ৭৯ টাকা অগ্রিম দিয়েছিল নিগম। কিন্তু এর মধ্যে ১২১ কোটি ৭৭ লক্ষ ৩৬ হাজার ১৩৭ টাকা এখনও সংস্থাগুলির কাছ থেকে আদায় করা যায়নি। বেসরকারি সংস্থার কর্তা ছাড়াও নিগমের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিককে এই কেলেঙ্কারির মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তাঁদের গ্রেপ্তারও করা হয়েছিল। এখন তাঁরা জামিনে মুক্ত আছেন। এই আধিকারিকদের মধ্যে দুই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দেবাদিত্য চক্রবর্তী ও আর এম জামির আছেন। এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী নরেন দে-কে সিআইডি আগে জেরা করেছে।
