
দিনযাপনে বাছাই করা খবর
সমকামী, রূপান্তরকামী যৌন হেনস্থার শিকার অনেকেই, উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর
যৌন নির্যাতন কি শুধুমাত্র মহিলাদেরই হয়? আর পুরুষদের? যৌন বিকৃতির শিকার হন পুরুষরাও। সম্প্রতি এক কলেজ পড়ুয়ার পায়ুতে সেক্স টয় দিয়ে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ফলে যৌন হেনস্থার মোকাবিলায় নতুন চিন্তাভাবনার প্রয়োজন হয়ে পড়েছে। এবার উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই অনুযায়ী সমকামী, উভকামী বা রূপান্তরকামী নির্যাতনের শিকার হওয়া ব্যক্তির শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষায় কী কী করণীয়, সেই বিষয়ে সরকারি স্তরে মেডিক্যাল অফিসারদের প্রশিক্ষণ দেবে স্বাস্থ্য দপ্তর। সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্য ইউনিটগুলির কর্তাদের জানানো হয়েছে, ‘ট্রেনিং অফ মেডিক্যাল অফিসার্স অন ম্যানেজমেন্ট অফ সেক্সুয়াল অ্যাবিউস’ শীর্ষক এই কার্যক্রমে ত্রিশটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর ব্যাখ্যায় জানিয়েছে, যৌন প্রবণতার অনুধাবনে দেখতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট নাকি উভকামী বা সমকামী। জেন্ডার আইডেন্টিটি শুধুমাত্র শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না। একজন পুরুষের মধ্যে থাকতে পারে নারীসুলভ প্রবণতা। আবার একই ব্যক্তির মধ্যে পুং ও স্ত্রীলিঙ্গ উভয়েরই বৈশিষ্ট্য লক্ষণ করা যায়। এমনকি রূপান্তরকামীরাও যদি যৌন হেনস্থার শিকার হন তাতে কী কী করা যেতে পারে, তাও বলা হয়েছে প্রশিক্ষণ বিভাগে।

সাঁওতালি বিভাগ চালু করার উদ্যোগ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়
পশ্চিমবঙ্গের তিনটি বিশ্ববিদ্যালয়ে এখন সাঁওতালি বিভাগ রয়েছে – বিদ্যাসাগর, বর্ধমান এবং পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ও সাঁওতালি বিভাগ খোলার উদ্যোগ নিল। বেশ কিছু পড়ুয়া এবং গবেষক এই ভাষার বিভাগ শুরু করার জন্য যাদবপুর কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছিলেন। সেই দাবির সঙ্গে সহমত হয়ে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ সাঁওতালি বিভাগ চালু করার অনুমতি চেয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে চিঠি দিয়েছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস। উচ্চশিক্ষা দপ্তর সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে চিঠিও দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ চালু হলে তা হবে গোটা কলকাতা শহরের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম সাঁওতালি বিভাগ।

মৌমাছি চাষ শুরু ইকো পার্কে, মিলবে খাঁটি মধুও
ইকো পার্কে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মৌমাছি চাষের সূচনা হল। বছরে ৬০ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই প্রকল্পে। প্রকল্প সফল হলে আশেপাশের গ্রামীণ এলাকাতেও মধু চাষ করবে ইকো পার্ক। পার্কে আসা ভ্রমণার্থীদের খাঁটি মধু বিক্রি করার চিন্তাভাবনাও চলছে। অত্যাধুনিক পদ্ধতিতে ইকো পার্কে মৌমাছি প্রতিপালনের দায়িত্ব পেয়েছে একটি স্টার্ট আপ সংস্থা। তারা মৌমাছিদের বাক্সে সেন্সর এবং ক্যামেরা লাগিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে। হিডকোর পাশাপাশি এই প্রকল্পে সামিল হয়েছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ওয়েবেল।

জন্মদিনে একক সুমন
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মধ্যে দিয়ে বাংলা গানে আনলেন নতুন ধারা। তাতে বুঁদ হয়ে রইল প্রজন্মের পর প্রজন্ম। তিনি কবীর সুমন। বাংলা গানে ‘রেভোলিউশন’ এনেছিলেন কারা? এই বিতর্ক উস্কে বারবার যে’কটি নাম উচ্চারিত হবে, তাঁদের মধ্যে থাকবেন লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, সলিল চৌধুরী, মোহিনের ঘোড়াগুলি এবং কবীর সুমন। আগামী ১৬ মার্চ ৭১ বছর পূর্ণ করে ৭২-এ পা দেবেন তিনি। সেই উপলক্ষে নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছে ‘জন্মদিনে একক সুমন’। এই দিন শ্রোতাদের সঙ্গে কাটাবেন তিনি গানে গানে, রবীন্দ্রনাথে, বাংলা খেয়ালে, ফ্যাসিবাদের বিরুদ্ধ স্বরে। গানের মধ্যে হঠাৎই হয়তো বলে উঠবেন, “আমরা দুজন গাইব চল”।
