ইন্দোনেশিয়ায় অজগর মেরে খেয়ে ফেলল গ্রামবাসীরা

সাপটাকে কেটে টুকরো টুকরো করে, ভেজে খেয়ে ফেলে তারা

বিবিসি সূত্রে খবর, ইন্দোনেশিয়ায় মানুষ এবং অজগরের লড়াইয়ে পরাজিত অজগরটিকে খেয়ে ফেলে স্থানীয় লোকজন। আর এভাবেই দুর্ভাগ্যজনক পরিসমাপ্তি ঘটে দৈত্যাকৃতি এই অজগরের। সুমাত্রার বাতাং গানসাল জেলায় একটি পাম বাগানের রাস্তায় সাপটির মুখোমুখি হন নিরাপত্তা কর্মী রবার্ট নাবাবান।

৮ মিটার(প্রায় ২৬ ফুট) লম্বা সাপটিকে নাবাবান ধরার চেষ্টা করলে সাপটি তাকে আক্রমণ করে। মানুষ আর অজগরের এই লড়াই চলতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসীরা অজগরটি মেরে ফেলে। এই লড়াইয়ে মারাত্মক জখম হন নাবাবান। নাবানান কেন অজগরটিকে ধরার চেষ্টা করছিলেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না।

বার্তা সংস্থা এএফপি-কে স্থানীয় পুলিশ জানিয়েছে, নাবাবানের বাম হাতে সাপটি গভীর করে ধারাল দাঁত বসিয়ে দেয় এবং অল্পের জন্য হাতটা রক্ষা পায়। নাবাবান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মৃত অজগরটি কিন্তু ছেড়ে দেয়নি গ্রামবাসীরা। প্রদর্শনের জন্য গ্রামের রাস্তায় সেটাকে ঝুলিয়ে রাখা হয়, আর তারপর সাপটাকে কেটে টুকরো টুকরো করে, ভেজে খেয়ে ফেলে তারা। সাপটি রেটিকুলেটেড পাইথন যা ২৩ ফুট লম্বা হয়। বিশ্বের দীর্ঘতম সরীসৃপ হিসেবে পরিচিত এই ধরণের অজগর পূর্ণবয়স্ক শুকর এবং কখনো কখনো মানুষ গলাধঃকরণ করতে সক্ষম। 

Developed by DXDasia