দেশের বৃহত্তম মেডিকেল সাইক্লোট্রন গড়ে উঠল কলকাতায়

ক্যানসার চিকিৎসায় নতুন দিশা

কলকাতায় তৈরি হল দেশের সবথেকে বড়ো মেডিকেল সাইক্লোট্রন। ক্যানসার নির্ধারণ এবং চিকিৎসাকে অনেক সহজ করে দেবে এটি। কমবে খরচও।

চকগড়িয়ায় ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার বা ভিইসিসির গবেষণাগারে এই যন্ত্র তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। যন্ত্রের নাম রাখা হয়েছে সাইক্লোন ৩০। এটি থেকে উৎপাদিত রেডিওআইসোটোপ ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেবে। সহজেই করা যাবে টিউমার পরীক্ষা। রিপোর্ট মিলবে দ্রুত। অর্থব্যয় কমে হবে এখনকার খরচের মাত্র এক তৃতীয়াংশ। ২০২১ সালের মাঝামাঝি থেকে কাজ শুরু করবে এই যন্ত্র। মহানগরের সেরা প্রায় ১০টি হাসপাতাল ইতিমধ্যেই যন্ত্রটি ব্যবহারে আগ্রহ দেখিয়েছে। 

এই মেডিকেল সাইক্লোট্রন নির্মাণে সবথেকে বড়ো ভূমিকা পালন করেছেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রাক্তন ডিরেক্টর বিকাশ সিনহা। তাঁর দীর্ঘ তিন দশকের অক্লান্ত গবেষণার ফল এটি। পূর্ব ভারত-সহ গোটাই দেশেই ক্যানসার চিকিৎসার জন্য আইসোটোপের জোগান দেবে এই মেডিকেল সাইক্লোট্রন। 
 

Developed by DXDasia