
টুইট করে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
ভূমিকম্পে বিধ্বস্ত মেক্সিকো। কিন্তু ওখানে বসাবাসকারী সমস্ত ভারতীয় সুরক্ষিত রয়েছেন। টুইট করে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
বুধবার রাতে টুইট করে সুষমা জানান, মেক্সিকোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখান থেকেই তাঁকে জানানো হয়েছে যে সমস্ত ভারতীয় নিরাপদে রয়েছেন। বিপর্যস্ত মেক্সিকোর পাশে ভারত সবসময় রয়েছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী। সেইসঙ্গে মেক্সিকোয় ভুমিকম্পে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।
বর্তমানে রাষ্ট্রসঙ্ঘের ৭২তম সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন সুষমা। এদিকে মেক্সিকোয় ভয়াবহ ভুমিকম্পে এখনও পর্যন্ত ২২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একটি আস্ত স্কুল মাটিতে মিশে যাওয়ায় কমপক্ষে ২১জন পড়ুয়ার মৃত্যু হয়েছে।
