ফরাসি বিপ্লবের প্রভাব এসে পড়েছিল সুদূর ভারতেও

সেতু প্রকাশনীর বইপ্রকাশ অনুষ্ঠান

ফ্রান্স থেকে ডক্টরেট গবেষণার জন্য ভারতে এসেছিলেন মার্গেরিত ভিক্তর লাবেরনাদি। আর্কাইভ দেখতে দেখতে তিনি নিজের গবেষণার বিষয় ছেড়ে নতুন আরেক বিষয়ের ওপর আকৃষ্ট হয়ে পড়েন। ভারতের ফরাসি উপনিবেশগুলিতে ফরাসি বিপ্লবের প্রভাব কীভাবে পড়েছিল, শুরু করেন তাই নিয়ে চর্চা। তাতে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে, তাঁর ডক্টরেট আর করে ওঠা হয়নি। এই নতুন গবেষণা তিনি ১৯৩০ সালে লিপিবদ্ধ করে গেছেন একটি বইতে। 

ফরাসি ভাষায় লেখা সেই বই এখন খুবই দুষ্প্রাপ্য। সারা ভারতে বইটির মাত্র দু’টি কপি পাওয়া গেছে। সম্প্রতি মূল ফরাসি থেকে বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন অর্ঘ্য বসু এবং সন্ধিয়া ভাস্যুর। ‘The Revolution and the French Establishments in India (1790-1793)’ নামের সেই বই আগামী ৪ জুলাই বৃহস্পতিবার সন্ধে ৬টায় আলিয়াঁ ফ্রাসে দু বেঙ্গলে-তে প্রকাশিত হবে। আয়োজনে আলিয়াঁ ফ্রাসে দু বেঙ্গলে এবং সেতু প্রকাশনী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন কলকাতার ফরাসি কনসাল জেনারেল ভির্জিনি কর্তেভাল। বিশেষ অতিথি হিসেবে হাজির থাকছেন কৃষ্ণা বসু এবং জহর সরকার। অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত, অধ্যাপক আব্দুস সামাদ গায়েন এবং অধ্যাপক গরিমা ধাভাই বক্তব্য রাখবেন সেই অনুষ্ঠানে। 

Developed by DXDasia