
‘মুখোমুখি’ প্রযোজিত এই নাটক আসলে এক বাঁধনহীন সময়ের কথা বলে ওঠে সুনিপুণভাবে
দেশি ও বিদেশি আত্তীকরণ কীভাবে গভীর উচ্চারণের হবে, তা শিখিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর নিজের জীবন দিয়ে দেখেছেন পৃথিবীর যাবতীয় সুখ রয়েছে নাট্যমঞ্চেই। ঠিক যেমন ‘ফেরা’ প্রযোজনা। ‘মুখোমুখি’ প্রযোজিত এই নাটক আসলে এক বাঁধনহীন সময়ের কথা বলে ওঠে সুনিপুণভাবে। ফ্রিডরিখ ডুরেনমার্ট-এর ‘দ্য ভিজিট’ অবলম্বনে সৌমিত্রবাবুর চমৎকার রূপান্তর ‘ফেরা’ নাটকের পুনরাবিষ্কার— সাম্প্রতিক বাংলা নাটকের চালচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। পৌলমী চট্টোপাধ্যায় নির্দেশিত ও অভিনীত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও দেবশংকর হালদার অভিনীত ‘ফেরা’ নাটকের ১০০তম রজনী অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। বাংলা থিয়েটারের ইতিহাসে এই ‘১০০’ সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই সৌমিত্রবাবু এই নাটকে অভিনয় করে এসেছেন। আজও সেই ধারা অব্যাহত আছে।

নাটকের দৃশ্যে দেবশংকর হালদার, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পৌলমী চট্টোপাধ্যায়
আগামী ৩০ ডিসেম্বর, গিরিশ মঞ্চ, সন্ধে সাড়ে ছটায় মঞ্চস্থ হবে মুখোমুখি’র ‘ফেরা’ নাটকের ১০০তম অভিনয়। টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ৯৯তম অভিনয় পর্যন্ত প্রায় প্রত্যেকটি শো-তেই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। দর্শক দুই হাত তুলে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছে ‘ফেরা’ টিমের প্রতি। ১০০তম রজনীরও অপেক্ষা অনেকেই করছেন, সে তো বলাই বাহুল্য।
