
৫৩ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে নরসিংহ দত্ত কলেজে
করোনা ভাইরাস রুখতে লকডাউন জারি হয়েছে সারা দেশে। অথচ বেশ কিছু লোকেরই মাথাগোঁজার ঠাঁই নেই। সংক্রমণ প্রতিরোধ করতে সবারই এখন গৃহবন্দি থাকা প্রয়োজন। আশ্রয়হীন এই মানুষদের প্রতি ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই উদ্যোগে সামিল হয়ে দৃষ্টান্ত গড়ল হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া পুরসভা।
হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া পুরসভা যৌথভাবে ৫৩ জন অসহায় গৃহহীন মানুষের জন্য অস্থায়ী বসবাসের বন্দোবস্ত করে দিল। এঁদের রাখা হয়েছে নরসিংহ দত্ত কলেজে। লকডাউন চলাকালীন এমনিতেই কলেজ ছুটি। পাশাপাশি, জামাকাপড়, বিছানা এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসও দেওয়া হয়েছে তাঁদের। নিয়মিত খাবারও পান তাঁরা। হাওড়া পুলিশ ও পুরসভার এই উদ্যোগকে নাগরিকরা কুর্নিশ জানিয়েছেন।
