
নদী পার করে হাসপাতালে যেতে গিয়ে জীবন দিতে হয়েছে বহু রোগী সহ গর্ভবতী মহিলাদের
হাওড়া জেলার মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী বেষ্টিত ভাতোরা দ্বীপে গর্ভবতী মহিলাদের জন্য একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার। জেলার ইন্সটিটিউশন ডেলিভারি ১০০ শতাংশ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন গর্ভবতী মহিলাদের মুণ্ডেশ্বরী নদী পাড় হয়ে যেতে হত জয়পুর বা বাগনানের হাসপাতালে। এই এলাকার জনসংখ্যা প্রায় ২৫০০০। ঘোড়াবেরিয়া এবং চিৎনান-সহ বেশ কিছু গ্রাম রয়েছে ভাতোরা গ্রাম পঞ্চায়েতের আওতায়। নেই কোনও পানীয় জল সরবরাহের ব্যবস্থা, নেই চিকিৎসা পরিষেবা। গ্রামের বেশির ভাগই ক্ষেত-মজুর এবং কৃষক। নদী পেরিয়ে তাঁদের যেতে হয় রোজগারের তাগিদে। নদী পার করে হাসপাতালে যেতে গিয়ে জীবন দিতে হয়েছে বহু রোগী সহ গর্ভবতী মহিলাদের। ওয়েটিং হাব তৈরি হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছেন গ্রামবাসীরা।
এই জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানেই ডেলিভারি করানো হবে। ডাক্তার ও নার্সদের একটি টিম দিনরাত্রি এখানে উপস্থিত থাকবে। একসঙ্গে ১০ জন গর্ভবতী মহিলার চিকিৎসা হবে এই হাবে।
