
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য ভবনের নির্দেশিকা
দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ফিরিয়ে দেওয়া, চিকিৎসায় গাফিলতির অভিযোগ মাঝে মাঝেই সরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে উঠতে দেখা যায়। এরকমও হয়েছে যে, খাস কলকাতাতেও একটি সরকারি হাসপাতালেও ঠাঁই না পেয়ে সংকটাপন্ন রোগীকে নিয়ে হয়রানির শিকার হচ্ছে রোগীর পরিজন। অথচ, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে, সরকারি হাসপাতাল কখনই মরণাপন্ন রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। বারবার সরকারের তরফ থেকেও এই বিষয়ে হাসপাতালগুলোকে সাবধান করা হয়েছে। তা সত্ত্বেও সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে সংকটাপন্ন রোগীর মৃত্যু এখনও ঠেকানো যায়নি।
এরকম পরিস্থিতিতে ফের নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। সোমবার জারি করা সেই দশ দফা নির্দেশিকায় বলা হয়েছে, রোগীকে বাঁচাতে সরকারি হাসপাতালের চিকিৎসকরা পরিষেবা দিতে বাধ্য। যদি কোনো চিকিৎসক মনে করেন যে রোগীকে বাঁচাতে আরও উন্নত মানের চিকিৎসার দরকার, তার জন্য কর্তব্যরত চিকিৎসককেই উদ্যোগী হতে হবে। তার পাশাপাশি, পুলিশি তদন্ত, জিজ্ঞাসাবাদের নামে চিকিৎসকরা যাতে হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করতে হবে পুলিশ-প্রশাসনকে।
