দিঘার সমুদ্র সৈকতে আর কোনোদিন ঘোড়ায় চড়তে পারবেন না, কেন জানেন?

সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন

ঘোড়ায় চড়ে দিঘার সমুদ্রে ঘোরার দিন শেষ। কারণ, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে সমুদ্রের পাড়ে ঘোড়ার পিঠে চড়ে আর ঘুরতে পারবেন না কেউই। বেজায় মনখারাপ পর্যটকদের। কারণ আর কোনোদিনই দিঘায় বেড়াতে গিয়ে ঘোড়ার পিঠে চড়ে সমুদ্র দর্শন করতে পারবেন না।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের দাবি, ঘোড়ার ক্ষুরে দিঘার সমুদ্র যাওয়ার রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। এমনকি জখম হচ্ছেন পর্যটকরা। ঘোড়া চলাচলের জন্য নোংরা হচ্ছে সমুদ্রতীর। সেই নোংরা সমুদ্রের জলে গিয়ে পড়লে ক্ষতি হচ্ছে জলের প্রাণীদেরও। শিশু বিনোদনের এই ব্যবসায় সমুদ্র চত্বরে নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে বলেই দাবি জেলা প্রশাসনের। তাই নিরাপত্তার কারণেই দিঘার সমুদ্র লাগোয়া সৈকত সরণিতে ঘোড়া কিংবা ছোটো ছোটো রিমোটচালিত গাড়িও নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই দিঘার সমুদ্র চত্বরে মাইকিং করে নিষেধাজ্ঞার কথা প্রচার করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই নির্দেশ কার্যকর করতে হবে। কিন্তু ঘোড়া মালিকদের পেট চলবে কীভাবে! চিন্তায় পড়েছেন তাঁরা। পরিবেশকে বাঁচাতে এবং সমুদ্র সৈকত পরিস্কারের দাবিতে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে সমাজের এক বৃহত্তর অংশের মানুষ।

Developed by DXDasia