
স্বাভাবিকতার দিকে এক কদম পাহাড়
দার্জিলিঙ সমস্যা নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যর বৈঠক সমাধানের খোঁজে আরও এক কদম বলেই মনে করা হচ্ছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, আরও বৈঠক হবে। পুজোর পর ১৬ অক্টোবর নবান্নে হবে পরের বৈঠক। মঙ্গলবারের বৈঠকে গোর্খাল্যান্ড নয়, পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফেরানো নিয়েই কথা হয়েছে। পাহাড়ের রাজনৈতিক সংগঠন মোর্চা সহ বাকি চার দলও যোগ দেয় এই বৈঠকে। পাহাড়ের নেতারা এদিন, ১৭ দফা দাবি পেশ করেন। তার মধ্যে ছিল, নিহত, আহতদের জন্য ক্ষতিপূরণ, পুলিশের গুলি নিয়ে তদন্ত ইত্যাদি। এই সব দাবির প্রায় সব ক’টি-ই মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই নিয়ে এখনই কিছু বলা যাবে না। আইন দেখতে হবে। তিনি বলেন, যা ঘটেছে তা নিয়ে কিছু বলছি না, আমরা চাই পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। তিনি জানান, সরকারি কর্মীরা কাজে ফিরে এলে পুজোর কারণে এক মাসের বেতন অগ্রিম পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে আলোচনা ছাড়া অন্য পথ নেই। আলোচনাতেই সমাধানের রাস্তা বেরোবে। মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের কোনও ভাবাবেগ থাকতেই পারে, গণতন্ত্রের পরিধির মধ্যে কেউ কোনও দাবি জানাতেই পারেন। তবে, বাংলা পাহাড়কে ভালোবাসে, পাহাড় বাংলাকে ভালোবাসে না এ কথা আমি বিশ্বাস করি না। ফলে সবার জন্য গ্রহণযোগ্য পথ আলোচনাতেই মিলবে বলে তিনি মন্তব্য করেন। এ দিনের বৈঠককে তিনি ইতিবাচক বলে মন্তব্য করেন।
