
ইন্টারনেট সংযোগ না থাকায় অনলাইনে কলেজে ভর্তি বন্ধ পাহাড়ে
পাহাড়ে মোর্চার আন্দোলনে অনেক বিভ্রান্তিকর প্রচার হচ্ছে। তাই কদিন ধরে পাহাড়ে নেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে পাহাড়ের কলেজগুলোতে বি এ, বিকম, বিএসসি প্রথমবর্ষে অনলাইন ভর্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। আবার পাহাড়ের বিভ্রান্তিকর প্রচার ডুয়ার্সে চলতে থাকায় সেখানেও মঙ্গলবার নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে সেখানকার উচ্চমাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা কিভাবে কলেজে অনলাইনে ভর্তি হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেক কলেজ তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে পারেনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন ইউজিসি কাউন্সিলের তরফে নুপুর দাস জানিয়েছেন, পাহাড়ে নেট পরিষেবা ব্যাহত থাকার জেরে অনলাইন ভর্তি।
প্রক্রিয়া ব্যাহত হচ্ছে কিনা তা তারা জানেন না। কেননা পাহাড়ের কলেজগুলো থেকে তাদের কিছু জানানো হয়নি। তবে আলিপুরদুয়ার ও জয়গাঁ কলেজ থেকে তাদের কাছে ভর্তি প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করার আবেদন করা হয়েছে।
দার্জিলিং, কার্শিয়াং মিলিয়ে পাহাড়ে পাঁচটি কলেজ রয়েছে। উচ্চমাধ্যমিকের ফলাফল বের হতেই কলেজগুলোতে ভর্তির জন্যও উৎসাহ বাড়তে থাকে। কিন্তু বনধ হিংসার রাজনীতি শুরু হওয়াতে ভর্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ে। পাহাড়ের একটি কলেজের অধ্যাপক বুধবার শিলিগুড়িতে বলেন, তিনি পাহাড় থেকে ভয়ে পালিয়ে এসেছেন। তবে তার কাছে খবর, ভর্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। কেননা, সব ভর্তি অনলাইনে এখন হয়। আর পাহাড়ে নেটবন্ধ। ফলে মেরিটলিস্ট তারা প্রকাশ করতে পারছেননা। মঙ্গলবার থেকে ডুয়ার্সে নেট বন্ধ হয়ে যাওয়াতে সেখানকার আটটি কলেজে কয়েকহাজার ছেলেমেয়ের ভর্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মালবাজার কলেজের লেকচারার ইনচার্জ নন্দিতা সরকার জানিয়েছেন, তাদের কলেজে মঙ্গলবার ভর্তির মেরিটলিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু নেট না থাকায় তা সম্ভব হয়নি। একদিন তারা পিছিয়ে গেলেন। এদিকে পাহাড়ের অনেক ছাত্রছাত্রী বুধবার অনলাইনে ভর্তির কাজ করতে পাহাড় ছেড়ে শিলিগুড়ি চলে আসে। শিলিগুড়িতে নেট থাকায় তারা কলেজে ভর্তির খোঁজ নিতে থাকে পাহাড়ে। গোর্খাজনমুক্তি মোর্চাও এদিন ছাত্রছাত্রীদের জন্য স্কুলকলেজে বন্ধে কিছু ছাড় দেয়। স্কুলবাসেও কিছু ছাড় এদিন দেওয়া হয়। ভোর ৬ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত স্কুল কলেজে বন্ধের ছাড় থাকায় অনেকে হুরোহুরি করে স্কুল ও কলেজে যায়। কেননা, মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েদেরও একদশ শ্রেণীতে ভর্তির বিষয় রয়েছে। মোর্চা নেতা বিনয় তামাং জানান, এদিন তারা ভর্তির স্বার্থে স্কুলকলেজে ১২ ঘণ্টা বনধে ছাড় দেন। পাহাড়ের স্বার্থে ছাত্রসংগঠনগুলো পাহাড়ের ছাত্রছাত্রীদের কলেজে অনলাইন ভর্তিতে কিছু ছাড় দেওয়ার দাবি করেছে। দাবি উঠেছে সময়সীমা বাড়ানোরও।
