
মেধাতালিকায় রয়েছে ১৩৭ জন পরীক্ষার্থী
প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এবারের ফলাফলে নয়া রেকর্ড সামনে এল। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় এবার রয়েছে ১৩৭ জন পরীক্ষার্থী, যা কিনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে প্রথম।
উচ্চমাধ্যমিকে এবছর যুগ্ম প্রথম হয়েছে শোভন মণ্ডল এবং রাজর্ষি বর্মণ। শোভন বীরভূম জেলা স্কুল আর রাজর্ষি কোচবিচার জেনকিন্স স্কুলের ছাত্র। বিজ্ঞান বিভাগের এই দুই পড়ুয়াই ৪৯৮ অর্থাৎ, ৯৯.০৬ শতাংশ নম্বর পেয়েছে। কলা বিভাগে সাঁইথিয়ার বাসিন্দা রাকেশ দে ৪৯২ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। মেধাতালিকায় তার স্থান চতুর্থ। এবারের উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৬.২৯ শতাংশ, এর মধ্যে ছেলেদের ৮৭.৪৪ এবং মেয়েদের ৮৫.৩০ শতাংশ। পাশের হারের নিরিখে এবার জেলাগুলির মধ্যে এগিয়ে রয়েছে সবার আগে পূর্ব মেদিনীপুর, তারপর কলকাতা এবং তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।
