
পর্যটন শিল্পের প্রসারে রাজ্য সরকারের উদ্যোগ
রাজ্যের পর্যটন শিল্পে গতি আনতে হেরিটেজ বিল্ডিংগুলিকে হোটেল বানিয়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। পর্যটন দপ্তরের পক্ষ থেকে প্রত্যেক জেলাশাসককে চিঠি দিয়ে এই ব্যাপারে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
পর্যটন দপ্তরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্যের পাঠানো চিঠিতে দেওয়া হয়েছে একটি ফরম্যাট। সেখানে জেলার নাম, হেরিটেজ অঞ্চলের নাম, অবস্থান, কাছাকাছি রেলস্টেশন, বাসস্ট্যান্ডের নাম ইত্যাদি তথ্য জানাতে হবে। প্রতিটি বিডিও অফিস থেকে সেই ফরম্যাট পূরণ করে পর্যটন দপ্তরে পাঠালে পর্যটনকর্তারা সেই জায়গাগুলি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
ইতিমধ্যেই ঝাড়গ্রাম রাজবাড়ি কিংবা ইটাচুনা রাজবাড়িতে হোটেল গড়ে তুলে পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হয়েছে। সেই মডেলেই কেন্দুলিতে কবি জয়দেবের বাড়ি, হাওড়ার আমতায় রায় গুণাকর ভরতচন্দ্রের বাড়ির মতো হেরিটেজ জায়গাগুলোতে ভ্রমণার্থীদের জন্য থাকা ও খাওয়ার বন্দোবস্ত করতে চাইছে পর্যটন দপ্তর। দরকার হলে ওই জায়গাগুলোতে অতিরিক্ত ঘরও তৈরি করা হতে পারে।
