দেড় লক্ষ পরিবারকে দেওয়া হবে ১০০ দিনের কাজ
নদীর ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য ১০০ দিনের বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে মালদা জেলা প্রশাসন। নদী সংস্কার, বাঁধ মেরামতি, খাল সংস্কারের পাশাপাশি লাগানো হবে প্রচুর ঔষধি গাছ। ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্লকে গাছ লাগানোর কাজ শুরু করে নজির গড়ল মালদা প্রশাসন।
গোটা পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে মালদা ৯ নম্বরে রয়েছে। সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে ২০১৯-২০ সালে ১০০ দিনের প্রকল্পে যাতে দেড় লক্ষ পরিবার কাজ পায়, তার পরিকল্পনা নেওয়া হচ্ছে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে। হাবিবপুর, বামনগোলা, কালিয়াচকের মতো ব্লকগুলোতে ঔষধি গাছ লাগানোর দিকে জোর দেওয়া হচ্ছে। ডেঙ্গির প্রতিরোধে লাগানো হচ্ছে ড্রাগন ফল। পাশাপাশি এলোভেরা, হলুদ গাছেরও চাষ হবে। ক্লাস্টার করে চাষ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন।