অভাবী মেধাবীদের পাশে

সমাজসেবীদের এমন উদ্যোগই এই মেধাবীদের স্বপ্ন জিইয়ে রাখতে পারে

শিলিগুড়ির চম্পাসারি সমর নগরে ভাঙা টিনের ঘরে বাস। বাবা নেই। মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। এমন পরিবার থেকেই অভাবকে জয় করে হাই মাদ্রাসার মাধ্যমিকে ৪৭১। হেনা খাতুন। চোখে স্বপ্ন, শিক্ষিকা হয়ে এলাকার দুঃস্থ-মেধাবীদের পাশে দাঁড়ানো। কিন্তু একাদশ শ্রেণিতে পড়ার বই কিনতে পারছিল না হেনা। থমকে যেতে বসেছিল মানুষ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন। ঠিক সেই সময়েই পাশে দাঁড়ালেন সমাজসেবী মদন ভট্টাচার্য। তাঁর উদ্যোগেই হেনার হাতে তুলে দেওয়া হল পাঠ্যপুস্তক।

শিলিগুড়ি খালপাড়ার সামসিয়া হাই মাদ্রাসার হেনার থেকে বছর খানেকের বড় রহিমা খাতুন ও হাদিশা আখতারি গত বছর আশি শতাংশেরও বেশি নম্বর পেয়ে পাশ করেছিল মাধ্যমিক। কিন্তু লেখাপড়া চালানোর পথে একমাত্র অন্তরায় দারিদ্র্য। তাদের হাতেও এদিন প্রয়োজনীয় বই ও লেখাপড়ার সরঞ্জাম তুলে দেওয়া হয়।

প্রধান শিক্ষক মহম্মদ সেলিম বলেন, তাদের স্কুলের ঐ সব মেয়েদের কাছে পড়াশুনা করাটা একটা বিলাসিতা মাত্র। কেননা, বস্তি ও পিছিয়ে পড়া এলাকার এইসব মেয়েদের বাড়িতে পড়াশুনার পরিবেশ নেই। আর্থিক অবস্থা খারাপ থাকায় তাদের অনেকে মেধাবী হলেও পড়াশুনা ছেড়ে দিচ্ছে। এই পরিস্থিতে সমাজসেবীদের এমন উদ্যোগই এই মেধাবীদের স্বপ্ন জিইয়ে রাখতে।

Developed by DXDasia