
হাই সিকিউরিটি জেলে বিয়ের হেলিকপ্টার
বিয়েবাড়ির হেলিকপ্টার নামল জেলখানায়। তাই নিয়ে হই হই কাণ্ড বাংলাদেশে। বাংলাদেশের গাজীপুরে একটি হাই সিকিউরিটি কারাগার এলাকায় হঠাৎ করে অবতরণ করে একটি হেলিকপ্টার। পরে যাত্রীদের আটকের পর দেখা যায়, তারা বিয়ের নেমন্তন্ন খেতে যাচ্ছেন। ভুল করে কারাগারে নেমে পড়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে গাজীপুরের কাশিমপুর কারাগারে।
কারাগারের সীমানায় বৃহস্পতিবার একটি বেসরকারি হেলিকপ্টার অবতরণ করার পর যাত্রীদের সাময়িকভাবে আটক করে কারা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, কারা এলাকার ভেতরে স্কুলের মাঠে ঐ হেলিকপ্টার অবতরণের বিষয়ে আগে থেকে তারা কিছু জানতেন না।
বৃহস্পতিবার সকালে কাশিমপুরে কারা পাবলিক স্কুলের মাঠে বেসরকারি প্রতিষ্ঠান মেঘনা অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার পাঁচজন যাত্রীকে নিয়ে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ছিলেন একজন বাংলাদেশী বংশোদ্ভূত মালয়েশিয়ান পুরুষ, তার মালয়েশিয়ান স্ত্রী এবং তাদের তিন সন্তান।
