
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে এক গভীর নিম্নচাপ
গতকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে ভেসে গিয়েছিল মহানগর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মুষলধারায় বৃষ্টি চলতেই থাকবে।
একে তো শ্রাবণ মাস, মৌসুমি অক্ষরেখা বিহারের ভাগলপুর হয়ে কলকাতা ছুঁয়ে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম উপকূল পর্যন্ত সক্রিয় আছে। তারই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনিয়ে এসেছে এক গভীর নিম্নচাপ। এই দু’য়ের প্রভাবেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আরও ৪৮ ঘণ্টা প্রবল বর্ষণ চলবে বলে পূর্বাভাষ দিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের ৫টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও প্রবল বৃষ্টিপাত হতে পারে। আজ থেকে সেখানে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রবল বৃষ্টিতে যাতে সাধারণ মানুষ বিপাকে না পড়েন, তার জন্য কলকাতা পুরসভা কন্ট্রোল রুম চালু করেছে। প্রস্তুত রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। নবান্ন থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
