
উত্তরবঙ্গের হাজার হাজার চা-বাগানে তৈরি হচ্ছে এই চা
ফ্যাক্টরিতে তৈরি চা-কে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হাতে তৈরি চা। ভালো নাম ‘হাতমলাই চা’। চা আবার হাতেও তৈরি হয় নাকি? এই প্রশ্নেরই উত্তর দিচ্ছে উত্তরবঙ্গের হাজার হাজার ছোটো চা-বাগান। সেখানে ইতিমধ্যেই শুরু হয়েছে হাতমলাই চায়ের উৎপাদন। স্বাদে-গন্ধে-গুণমানে বিখ্যাত সব চা-বাগানের চায়ের সঙ্গেও নাকি অনায়াসে পাল্লা দিতে পারে এই চা।

হাতমলাই চা মেশিনে প্রস্তুত চায়ের থেকে আলাদা কোথায়? কাঁচা পাতা তোলার পর সেই পাতা হাত দিয়ে রগড়ে, শুকিয়ে নিয়ে তৈরি হয় এই চা। হাত দিয়ে রগড়ে, সরসরি শুকিয়ে প্রস্তুত হয় বলে হাতমলাই চায়ের সুবাস ও স্বাদ যান্ত্রিক পদ্ধতিতে তৈরি চায়ের থেকে অনেকটাই ভালো। এমনকি, উন্নতমানের দার্জিলিং চা-কেও স্বাদে-গন্ধে চ্যালেঞ্জ জানাতে সক্ষম এই চা। রাসায়নিক কীটনাশকের ব্যবহার না থাকায়, এই চা-এর পুষ্টিগুণও বেশি।
দার্জিলিঙের বাসিন্দারা দীর্ঘদিন ধরে এইভাবে চা তৈরি করতেন বাড়িতেই। এবারে, উত্তরবঙ্গের ২ একরের কম আয়তনের ছোটো ছোটো চা-বাগানগুলিতেও শুরু হয়েছে হাতমলাই চায়ের উৎপাদন। কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন-ও সাহায্য করছে এই চা চাষে। বিশ্বের বাজারেও হাতমলাই চায়ের কদর বাড়ছে দিনদিন। দামও মিলছে ভালো। এই চা চাষে জৈব সার ব্যবহারেই জোর দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গের চা বিশেষজ্ঞদের আশা, কিছুদিনের মধ্যেই স্বাদে-গন্ধে তো বটেই এমনকি চাহিদাতেও যান্ত্রিক উপায়ে প্রস্তুত চা-কে ছাপিয়ে যাবে হাতমলাই চা। দক্ষিণবঙ্গের চা-চাতকরাও অপেক্ষায় এই চায়ে চুমুক দেবেন বলে।
