
তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী
প্রবীণ শ্রমিক নেতা গুরুদাস দাশগুপ্ত প্রয়াত। দক্ষ বাগ্মী হিসেবে তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন।। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তিনি ছিলেন ৫ বারের সাংসদ।
ছাত্রজীবনেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে প্রবেশ করেন ১৯৮৫ সালে। পাঁশকুড়া এবং ঘাটাল থেকে জিতে লোকসভার সদস্য হয়েছিলেন। ২০০১ সালে সিপিআই-র শ্রমিক সংগঠন এআইটিইউসি-র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন টুজি কেলেঙ্কারি নিয়ে তদন্তে যুগ্ম সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি। এই সিপিআই নেতা দল-মত নির্বিশেষে রাজনৈতিক মহলের শ্রদ্ধা আদায় করে নিয়েছিলেন।
আজ সকাল ৬টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট ছাড়াও হৃদযন্ত্র ও কিডনির সমস্যা ছিল তাঁর।
গুরুদাস দাশগুপ্তের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন।
