
মাসে তিনশো কোটি ইনভয়েস বানানো যে কম কথা নয় তা সকলেই বুঝতে পারছেন
ভারতে লক্ষ লক্ষ কোম্পানি এখনও প্রস্তুত নয় জিএসটি-র অধীনে নিজেদের আয়কর রিটার্ন জমা করার ক্ষেত্রে। আগামী ২০ অগাস্ট রিটার্ন জমা করার শেষদিন। তার আগে এই তথ্য সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এই নিয়ে এখনই কেউ মুখ খুলতে রাজি নয়।
জিএসটি নেটওয়ার্কের প্রধান নবীন কুমার জানিয়েছেন, ৩৪টি সার্ভিস প্রোভাইডার সরকারি নির্দেশ মেনে কাজ করছে। ইনভয়েস তৈরির কাজ চলছে পুরোদমে। তবে মাসে তিনশো কোটি ইনভয়েস বানানো যে কম কথা নয় তা সকলেই বুঝতে পারছেন। প্রথমবারের বাধা টপকে গেলে পরেরবারগুলিতে কাজ করা কিছুটা সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।
নবীন কুমার বলছেন, একেবারে শেষদিনে অর্ধেকের বেশি মানুষ এসে রিটার্ন জমা দিতে চাইবেন। সেই জনসংখ্যাকে বাগে আনতে পারাটাই বড় চ্যালেঞ্জ।
জিএসটি চালু হওয়ার পরে পণ্য ও পরিষেবা করদানের ক্ষেত্রে অভিন্নতা তৈরি হয়েছে। ২৯টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে একটাই কর ব্যবস্থা চলছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেপ্টেম্বরের আগেই রিটার্ন মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যে গতিতে কাজ চলছে তাতে লক্ষ্যপূরণ সময়ের মধ্যে হবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে।
