নিজেকে ভাঙচি কেটেই জিএসটি চালু মোদির

‘জিএসটি কখনও সফল হবে না’, কে বলেছিলেন?

‘জিএসটি কখনও সফল হবে না। যথেষ্ট পরিকাঠামো না থাকলে জিএসটি বাস্তবায়িত করা সম্ভব নয়।’ বলুন তো কথাটা কার? ভাবছেন বিরোধীদের কেউ বলেছেন? না, একেবারেই তা নয়। এই কথাই বারবার বলেছেন নরেন্দ্র মোদী। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। বারবার সে সময় পণ্যপরিষেবা কর ব্যবস্থা লাগু করার ক্ষেত্রে বিরোধিতা করেছেন তিনি। আর তাঁর প্রধানমন্ত্রীত্বেই মধ্যরাত্রে ‘স্বাধীনতা’ উদযাপনের ঢং-এ আত্মপ্রকাশ করল জিএসটি।

জিএসটি নিয়ে গোটা দেশে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তাকে আমল দিতে নারাজ কেন্দ্র। প্রধানমন্ত্রীর কথায়, এতে গরিব মানুষের ভালো হবে। যেভাবে নতুন চশমা নিলে প্রথম কয়েকদিন অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, সেইটুকু বাদ দিলে জাতীয় অর্থনীতির স্বার্থে নাকি লাভই লাভ। প্রধানমন্ত্রীর এই প্রবোধবাক্য মেনে নিতে নারাজ বিরোধী শিবির থেকে বণিক মহলের বড় একটা অংশ। কংগ্রেস মোদির গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়কার একটি ভিডিও পোস্ট করে। তাতে দেখা যাচ্ছে, জিএসটি-র বিরুদ্ধে বক্তব্য রাখছেন মোদি। কংগ্রেসের দাবি, জিএসটি নিয়ে এটাই মোদি এবং বিজেপি-র আসল অবস্থান।

পরিকাঠামো না তৈরি করেই জিএসটি চালু করা হয়েছে। আর এ ভাবে জিএসটি চালু হলে অচিরেই অন্ধকার নেমে আসবে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জীবনে। এভাবেই এখনই জিএসটি চালুর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তাঁর পোস্ট, ১৯৪৭ সালের ১৪ আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীনতা লাভ করেছিল। আর আজ ২০১৭ সালের ৩০ জুন মধ্যরাতে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র এক চরম বিপদের সম্মুখীন। জিএসটি আইনে গ্রেপ্তারির বিধানের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। এর জেরে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়রানির শিকার হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Developed by DXDasia