চড়া রোদের ভোটবাজারে বাড়ছে ডাবের কদর

প্রার্থী হোক বা কর্মী, গরমে শরীর জুড়োতে ডাবই ভরসা

একে ভোটের মরশুম, তার ওপর আবার চৈত্র শেষের চড়া রোদ। ভোটের প্রচারের মাঝখানে চাঙ্গা হতে ডাবের জলেই আস্থা রাখছেন বিভিন্ন দলের প্রার্থী, কর্মী এবং সমর্থকেরা। পাশাপাশি, শুক্রবার থেকে শুরু হয়েছে বাসন্তীপুজো। অন্নপূর্ণা পুজো, রামনবমী, নীলষষ্ঠী, নববর্ষের লক্ষ্মী-গণেশের পুজোও রয়েছে পরপর। সেখানেও ডাবের প্রয়োজন হয়। আর গরমে তেষ্টা মেটাতে আমজনতাও ভিড় করছে ডাবের দোকানে। সব মিলিয়ে ডাব বেচে ডাবওয়ালাদের লাভ হয়েছে ভালোই।

উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার আমতলা, ডায়মন্ডহারবার, কাকদ্বীপের মতো জায়গায় সারা বছরই ডাবের ভালো ফলন হয়ে থাকে। ওই সব জায়গা থেকে প্রতিদিন ট্রাক বোঝাই ডাব আসে শহরের পাইকারি বাজারে। খুচরো ডাব বিক্রেতারা একেকবারে ২০০-৩০০টি করে ডাব কিনে থাকেন সেখান থেকে। এখন দেখা যাচ্ছে, ভোটের বাজার যত উত্তপ্ত হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আড়তের দর। তবে ডাবের চাহিদা এত বেশি যে আড়ত থেকে চড়া দামে কিনলেও বিক্রি করে ডাব বিক্রেতাদেরই পোয়াবারো।

Developed by DXDasia