
বাসগুলিতে থাকছে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস
২৭০টি নতুন বাস চালু হবে পশ্চিমবঙ্গে। বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় জানান, ২৭০টি বাসের মধ্যে ৮টি দার্জিলিং-এ, ৪টি ডুয়ার্সে ও চারটি মুর্শিদাবাদে চালানো হবে।
দুর্ঘটনা এড়ানোর জন্য বাসগুলির আধুনিকীকরণ করা হয়েছে। যাত্রী সুরক্ষার জন্য একটি করে প্যানিক বাটন থাকবে। থাকবে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস। ২৭০টি বাসের মধ্যে বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিত মিনিবাস, ডিলাক্স বাস, ১০টি সিএনজি বাস ও ৪টি ইলেকট্রিক বাস রয়েছে।
পাহাড়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, যার ফলে বাড়ছে পর্যটকের সংখ্যা। এবার পাহাড়ি এলাকায় নতুন বাস দেওয়ার ফলে পর্যটকদের পাশাপাশি উপকৃত হবেন স্থানীয় মানুষরাও।
