গ্রামের ছেলে গোপাল বাংলা সাহিত্য পড়াতে যাচ্ছেন টোকিও বিশ্ববিদ্যালয়ে

গর্বিত বোলপুরের বল্লভপুর গ্রামবাসী

গোপাল রায় ওরফে নবগোপাল রায়। বাস- বীরভূম জেলার বোলপুরের কাছে বল্লভপুর নামক গ্রামে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিদ্যালয় স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক। ছোটোবেলা থেকে তাঁর স্বপ্ন ছিল একটাই- অধ্যাপক হবেন, ছাত্রদের তাঁর নিজের শিক্ষা দিয়ে শিক্ষিত করবেন। এবার গোপালের সেই স্বপ্ন শুধুমাত্র তাঁর দেশেই নয়, বিদেশে পাড়ি দিচ্ছে। সম্প্রতি টোকিও বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয় পড়ানোর জন্য আমন্ত্রণপত্র পেয়েছেন। স্বভাবতই খুশিতে ভাসছে বোলপুরের বল্লভপুর গ্রাম। এই বছরেই ১ অক্টোবর যোগ দিচ্ছেন টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে বাংলা বিভাগের অতিথি অধ্যাপক হিসাবে।

২০১৯-এর অক্টোবর থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা দুইবছর গোপাল রায় সেখানে পড়াবেন। টোকিও বিশ্ববিদ্যালয়ে এর আগেও পবিত্র সরকার অতিথি অধ্যাপক হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন। তবে বিশ্বভারতী থেকে এই প্রথম কেউ টোকিও যাচ্ছেন বাংলা পড়াতে। ইতিমধ্যে গোপাল জাপানি ভাষা শিখতে শুরু করেছেন। দুই দেশের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। বাংলা ভাষা এবং সংস্কৃতি তিনি জাপানে ছড়িয়ে দেবেন নিজের মতো করে। এই আশায় জীবনের আরেক ধাপ এগিয়ে গেলেন গোপাল রায়।

ছবিসূত্র- ফেসবুক

Developed by DXDasia