সেরিব্রাল পলসি নিয়েও উচ্চমাধ্যমিকে ভালো ফল

ভবিষ্যতে প্রশাসনিক অফিসার হতে চায় অরিত্র

একসময় ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হত তাকে। এখন হামাগুড়ি দিতে না হলেও, চলাফেরায় কষ্ট কমেনি খুব একটা। অরিত্র রায়। উচ্চমাধ্যমিকে ৫০০-এর মধ্যে ৪১৪ নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে সে।

শিলিগুড়ি শক্তিগড়ের বাসিন্দা অরিত্র-র জন্ম হয়েছিল ফরসেপের মাধ্যমে। তখনই মাথায় চোট লেগেছিল তার। সেই থেকেই সেরিব্রাল পালসি। এবং লড়াই শুরু প্রতিবন্ধকতার সঙ্গে। একসময় তাকে কোলে করে স্কুলে পৌঁছে দিতেন বাড়ির লোক। এখন ফিজিওথেরাপি ও মনের জোরে অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। কিছুটা হলেও হাঁটতে পারে অরিত্র।  তার ইচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষায় বসে প্রশাসনিক অফিসার হওয়ার। এখন থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি। অরিত্র-র বাবা অপূর্ব রায় জানান, জন্মের পর অরিত্র-র মাথায় অক্সিজেন কমে যাওয়ার পর থেকেই ও প্রতিবন্ধী। অরিত্র-র এই রেজাল্ট স্কুলের শিক্ষকদের কাছেও বিস্ময়ের। অরিত্র-র ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই-ই প্রার্থনা এখন সকলের।

Developed by DXDasia