আগেই স্বামী-স্ত্রী, পরে বিয়ে

কেউ সন্তানের অভিভাবক, কেউ বা দেখে ফেলেছেন নাতি-নাতনির মুখও

দিনের পর দিন স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন তাঁরা। অথচ টাকার অভাবে পারেন না সামাজিক নিয়ম মেনে বিয়ে করতে। বিভিন্নরকম সমস্যার মধ্যেও পড়তে হয় এ-জন্য। তাঁরা উত্তরবঙ্গের আদিবাসী। এবার তাঁদের মধ্যে থেকেই ১০১ জোড়া দম্পতি রবিবার শিলিগুড়ির শালবাড়িতে উত্তরবঙ্গ বনবাসী কল্যাণ আশ্রমের উদ্যোগে আবদ্ধ হলেন বিবাহে।

তাঁদের মধ্যে কেউ সন্তানের অভিভাবক, কেউ বা দেখে ফেলেছেন নাতি-নাতনির মুখও। গণবিবাহের আসরে অবশ্য আনন্দের কমতি ছিল না কোনও। মাদল, ধামসার আওয়াজের সঙ্গে মেতে ওঠেন সকলে। আয়োজন হয় মোট দশ হাজার আদিবাসীর ভোজসভার। বিয়ের শেষে নবদম্পতিকে উত্তরবঙ্গ বনবাসী কল্যাণ আশ্রমের পক্ষ থেকে শাড়ি, ট্রাঙ্ক, বেড কভার, মশারি উপহার দেওয়া হয়।

মোট ২৫টি ছাঁদনাতলায় ২৬জন পুরোহিত পরিচালনা করেন বিবাহ। সংস্থাটির সাংগঠনিক সম্পাদক আশিস কুমার দাস জানান, নবদম্পতিদের ম্যারেজ সার্টিফিকেটও দিয়েছেন তাঁরা।

Developed by DXDasia